নোবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. শফিকুল

১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৬  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সভার আয়োজন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, গত ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোবিপ্রবি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সেশনজটের আশঙ্কা করছিলেন শিক্ষার্থীরা।